দৈনিক খুলনা
The news is by your side.

মেসিকে বিদায়ী সম্মান জানাতে ১০ মিনিট

28

নাম্বার ‘১০’ আর লিওনেল মেসি তো আজীবনই সমার্থক! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মেসি আর মাঠে নামবেন না আর্জেন্টিনার জার্সিতে, এ কথা তো সবারই জানা। তবে চমক দেওয়ার মতো তথ্য হচ্ছে, মাঠের ফুটবল এবার থেমে যাচ্ছে ‘এলএম১০’ এর জন্য!

আর্জেন্টিনার ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে অভিনব এক উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির ঘরোয়া ফুটবলের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে এক মিনিটের জন্য খেলা থামিয়ে মেসিকে করতালির মাধ্যমে সম্মান জানানো হবে।

জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। স্পেনের বিপক্ষে সেই ম্যাচই আন্তর্জাতিক ফুটবলে যে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে, কে জানত সেটা! সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তার মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

মেসির বিদায়কে ঘিরে এএফএর এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দুই দশকের এক অধ্যায়ের প্রতি শ্রদ্ধা। এএফএ জানিয়েছে, ‘আগামী ম্যাচডেতে পুরুষ ও নারী বিভাগ ও ডিসিপ্লিনের ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এক মিনিটের জন্য খেলা থামিয়ে করতালি দেওয়া হবে।’

প্রশ্ন হচ্ছে, ১০ কেন বেছে নেওয়া হলো! এই ব্যাখ্যা দিতে গেলে আবারও ফিরতে হবে মেসি আর ‘১০’ এর গল্পে! মেসির জার্সি মানেই চোখে ভেসে উঠে ‘১০’! এই ৩৯ বছর বয়সী মহাতারকার পরিচয়েরই অংশ হয়ে গেছে ‘১০’ নাম্বার জার্সি। তাই ম্যাচের ১০তম মিনিটএই শ্রদ্ধা জানাচ্ছে এএফএ।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন আরও জানিয়েছে, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেসব মাঠে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও দেখানো হবে। মেসির অবসরের ঘোষণার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটির আদলে তৈরি হবে সেই বিশেষ আয়োজন।

নিজের বিদায়ী বার্তায় মেসি লিখেছিলেন, ‘আমি আমার সর্বস্ব দিয়েছি; দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে কষ্ট দিয়েছে এবং ভেতর থেকে এখনো কষ্ট দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’

২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেকের পর মেসি ধীরে-ধীরে হয়ে উঠেছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। খেলেছেন ছয়টি বিশ্বকাপে। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান তিনি। তাঁর নেতৃত্বে দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও জেতে।