দৈনিক খুলনা
The news is by your side.

হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে ফেসবুক লাইভে ডাকাতি মামলার আসামি

25

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাতি মামলার এক আসামিকে স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। পরে আসামি মো. আসির মিয়া (৩২) নিজের ফেসবুক লাইভে এসে হাতে হাতকড়াসহ ভিডিও প্রচার করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী গ্রামের কাছে দামোধরতপী পয়েন্টে তাকে ছিনিয়ে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে তিনি লাইভে আসেন।

 

আসামি আসির মিয়া দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

ফেসবুক লাইভে আসির মিয়া হাতকড়া দেখিয়ে দাবি করেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে কয়েকজন পুলিশ কর্মকর্তা তার ওপর হামলা করে হাতকড়া পরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ দেখায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। তাকে হাতকড়া পড়িয়ে পুলিশ থানায় নেওয়ার সময় হঠাৎ সেখানে হট্টগোল শুরু হয়। এ সময় আসামি আসির মিয়া তার ফেসবুকে লাইভ করে ঘটনার বিবরণ প্রচার করতে থাকেন। এক পর্যায়ে তার স্বজন ও স্থানীয় লোকজন আসির মিয়াকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।

এদিকে আসির মিয়াকে পুনরায় গ্রেপ্তার করতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

দামোধরদপী গ্রামের বাসিন্দা ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, তিনি শুনেছেন আসির মিয়াকে আটকের সময় হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে আসির পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ বলেন, হাতকড়া নিয়ে আসামি পালিয়েছে তা ঠিক নয়। একজন কর্মকর্তা নিয়মিত মামলার আসামিকে ধরার পর মহিলারা একটু ঝামেলা সৃষ্টি করেছিলেন তখন সে পালিয়ে যায়। আসামি হাতকড়া নিয়ে পালায়নি।