দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে গভীর রাতে বিস্ফোরণ, উদ্ধার দুটি বোমাসদৃশ বস্তু

33

সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে কার্যালয় এলাকায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা জানান, রাতে কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করার পর ভোরে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একই রাতে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দাঁদপুর বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ১৪ আগস্ট দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

আগুনে বিএনপি কার্যালয়ের পাশাপাশি পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, রাতে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাদের খবর দেন। পাশের দোকান মালিক শাহেদ আলীর প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।

খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি ঘটনাই খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।