নিজস্ব প্রতিবেদক:
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ক্ষুদ্র ব্যবসা একসময় বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়। তাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে এবং যুবসমাজকে চাকরির পাশাপাশি ব্যবসার প্রতি আগ্রহী হতে হবে।
শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৌলত হোসেন, সরোয়ার হোসেন, ডা. আলম, আলী আক্কাস, সজীব, আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলি আসগার লবি বলেন, ব্যবসার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। ডুমুরিয়া ও ফুলতলার সার্বিক উন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান।
অনুষ্ঠান শেষে তিনি চুকনগর এলাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে ডুমুরিয়ার মান্দারতলা এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সন্ধ্যায় সুন্দরবুনিয়া এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সভায়ও তিনি উপস্থিত ছিলেন।
বিভিন্ন অনুষ্ঠানে এমপি আলি আসগার লবি বলেন, “আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে চাই। আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এমপি নই; আমি ডুমুরিয়া-ফুলতলার সকল মানুষের প্রতিনিধি। সবার জন্য আমার ভালোবাসার দরজা উন্মুক্ত। এলাকার উন্নয়নে সকলের সঙ্গে একযোগে কাজ করতে চাই।”
ছবির ক্যাপশন: ডুমুরিয়ার কাঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি।