দৈনিক খুলনা
The news is by your side.

“দাকোপে ১০ দিনের অপহৃত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ২”

24

দাকোপ (খুলনা) :

খুলনার দাকোপে বসতবাড়ি থেকে অপহৃত ১০ দিনের এক নবজাতক কন্যাশিশুকে ২৪ ঘণ্টার মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণচক্রের মূলহোতা তানিয়া বেগম (৩০) এবং তার সহযোগী নলিয়ান আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম রব্বানী সানা (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলার বাজুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে নবজাতক মাবিয়াকে আনুষ্ঠানিকভাবে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান গ্রামের মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম সানার স্ত্রী সাফিয়া বেগম একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির জন্মের পর থেকেই বাজুয়া খ্রিস্টানপাড়ার তানিয়া বেগম স্থানীয়দের মাধ্যমে টাকার বিনিময়ে শিশুটিকে কিনে নেওয়ার প্রস্তাব দেন। পরিবারটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হন তিনি।

এরপর গত ৩০ জুন রাতে মায়ের অসতর্কতার সুযোগে তানিয়া ও তার সহযোগীরা বসতবাড়ি থেকে ১০ দিনের নবজাতক মাবিয়াকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরদিন শিশুটির বাবা রফিকুল ইসলাম সানা বাদী হয়ে দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশারের নেতৃত্বে এসআই ঝন্টু কুমার বসাক, এএসআই নাজমুল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাজুয়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে।

দাকোপ থানার ওসি শেখ খায়রুল বাশার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। অভিযানে অপহরণের মূল পরিকল্পনাকারী তানিয়া বেগম এবং তাকে সহযোগিতা করার অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম রব্বানী সানাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া নবজাতককে সুস্থ ও অক্ষত অবস্থায় তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।