দৈনিক খুলনা
The news is by your side.

“পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে বাংলাদেশের আম”

24

বেনাপোল :

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর জন্য ৫০০ কেজি উন্নতমানের আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব আম হস্তান্তর করা হয়।

উপহার হিসেবে পাঠানো চালানে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালিহাঁড়িভাঙ্গা জাতের আম রয়েছে। মোট ১০০টি কার্টনে ৫ কেজি করে ৫০০ কেজি আম কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, পাঠানো আমের মধ্যে শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. আবু তালা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের উন্নতমানের আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের ৫০০ কেজি আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং কূটনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।