দৈনিক খুলনা
The news is by your side.

“ফটিকছড়িতে এমপির উপস্থিতিতে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ”

10
চট্টগ্রাম :

চট্টগ্রামের ফটিকছড়িতে হামলার বিচার চাইতে গিয়ে সংসদ সদস্য সরওয়ার আলমগীর ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দের উপস্থিতিতেই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপিকর্মী ও প্রবাসী মানিক। এ ঘটনায় এক নারীসহ তার পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার (২৮ জুন) বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হেয়াঁকো বনানী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, পূর্বের একটি হামলার বিচার চেয়ে সংসদ সদস্য সরওয়ার আলমগীরের কাছে অভিযোগ জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতা নাসিরউদ্দিন বিপ্লবের সঙ্গে মানিকের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে বিপ্লব ও তার অনুসারীরা মানিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে মানিকসহ কয়েকজন আহত হন।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে নাসিরউদ্দিন বিপ্লব রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাসিরউদ্দিন বিপ্লব। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সংসদ সদস্য ও পুলিশের উপস্থিতিতে বিপ্লব ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।