দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় বাজারের হার্ডওয়্যার দোকান থেকে অজগর সাপ উদ্ধার

29

সাতক্ষীরা :

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি বড় অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগ ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন।

হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা সিপিজি সদস্য ও স্থানীয়দের সহায়তায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়দের ভাষ্য, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর আগে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছে।

নীলডুমুর বন বিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের উপযোগী নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে। তিনি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বন বিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।