সাতক্ষীরা :
সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৮ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবি জানায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক এবং ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৭২ দশমিক ৫০ মিলিগ্রাম এলএসডি, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল আফিম তৈরির রাসায়নিক, এছাড়াও বিপুল পরিমাণ বিড়ি-সিগারেট, তামাকের গুঁড়া ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, “মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি দিন-রাত দায়িত্ব পালন করছে। মাদক একটি সামাজিক মহামারি। এটি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিচার বিভাগ, কাস্টমস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।