খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে কৃষকদের জন্য ফসলের পোকামাকড় ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে ‘আইডেন্টিফিকেশন অব কমন ক্রপ পেস্ট অ্যান্ড ডিজিজ’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এটি ‘মর্ফো-মলিকিউলার অ্যান্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট অ্যান্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মো. রেজাউল ইসলাম। বক্তব্য দেন প্রকল্পের এসপিএম ড. মো. মোস্তফা কামাল, এএসপিএম প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা এবং স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. শিমুল দাস।
প্রশিক্ষণের চারটি টেকনিক্যাল সেশনে ফসলের সাধারণ পোকামাকড় ও বিভিন্ন রোগ শনাক্তকরণ, প্রতিরোধ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে খুলনার বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।