দৈনিক খুলনা
The news is by your side.

বিশ্ববিদ্যালয় বেড়েছে, শিক্ষার মান বাড়েনি: ইউজিসি চেয়ারম্যান

29

দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও উচ্চশিক্ষার মান আশানুরূপ উন্নত হয়নি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

রোববার (১৪ জুন) রাজধানীর Military Institute of Science and Technology (MIST)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মামুন আহমেদ বলেন, বর্তমানে দেশে প্রায় ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সেই তুলনায় শিক্ষার মান বাড়েনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইউজিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষার পরিবেশ তৈরিতেও কাজ করছে ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। মেধা, দক্ষতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর প্রয়োজন রয়েছে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি নেতৃত্বগুণ, সামাজিক দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই তারা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামন, কর্নেল মো. শাহাব উদ্দিন এবং কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।