দৈনিক খুলনা
The news is by your side.

ইবিতে শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

33

ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং গুম-অপহরণের নাটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ। তিনি বলেন, “কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আড়াল করতেই গুমের নাটক সাজানো হচ্ছে বলে আমরা মনে করি। কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়।”

তিনি আরও বলেন, “অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ থেকে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি যেকোনো অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।