দৈনিক খুলনা
The news is by your side.

দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

32

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান আদাবাড়িয়ার গড়ুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। আহতরা হলেন কৈপাল এলাকার শুভ হোসেন (৩৫) ও হুমায়ুন কবির (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত শুভ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।