দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে ১২ বছর পর দখলমুক্ত হলো সরকারি খাল, স্বাভাবিক হলো পানি প্রবাহ

25

মোরেলগঞ্জ প্রতিনিধি | দৈনিক খুলনা

বাগেরহাটের মোরেলগঞ্জে দীর্ঘ ১২ বছর ধরে প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের দখলে থাকা একটি সরকারি খাল উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন। খালের ওপর নির্মিত একাধিক অবৈধ বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের শুভরাজকাঠি খালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। এ সময় খালের বিভিন্ন স্থানে নির্মিত কয়েকটি বাঁধ কেটে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি রেকর্ডভুক্ত এ খালটি দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ঘের ব্যবসায়ীর নিয়ন্ত্রণে ছিল। তারা খালে বাঁধ দিয়ে নিজেদের সুবিধামতো মাছ চাষ করতেন। এর ফলে আশপাশের অন্তত ৩০০ বিঘা জমিতে কৃষকরা নিয়মিত চাষাবাদ করতে পারতেন না। বিশেষ করে আমন ধানসহ বিভিন্ন রবিশস্য উৎপাদন ব্যাহত হতো।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খালটি অবৈধভাবে আটকে রাখার কারণে কয়েকটি গ্রামের শত শত বিঘা জমিতে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বর্ষা মৌসুমে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ত। খালটি উন্মুক্ত হওয়ায় কৃষকরা এখন উপকৃত হবেন এবং জমিতে স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারবেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, ভুক্তভোগী কৃষকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জনস্বার্থে খালটি দখলমুক্ত করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি সরকারি খালে বাঁধ দিয়ে ব্যক্তিগতভাবে মাছ চাষ করছিলেন, যা সম্পূর্ণ অবৈধ।

তিনি আরও বলেন, সরকারি খাল জনগণের সম্পদ। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় খালটি উন্মুক্ত রাখা হবে। ভবিষ্যতে কেউ যাতে পুনরায় দখল বা বাঁধ নির্মাণ করতে না পারে, সে বিষয়েও প্রশাসন সতর্ক থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে খালটি স্থায়ীভাবে দখলমুক্ত রাখার দাবি জানিয়েছেন।