দৈনিক খুলনা
The news is by your side.

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

13

মোংলা প্রতিনিধি:চলমান অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযানে অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করে।পরবর্তীতে আটককৃত দস্যুদের তথ্যের ভিত্তিতে হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত দস্যু আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) সকলেই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটককৃত দস্যুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের চলমান এ সকল কার্যকর অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপপ্রচার সত্ত্বেও কোস্ট গার্ডের দস্যু দমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। #