দৈনিক খুলনা
The news is by your side.

রামিসা হত্যাকাণ্ডের বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন

23

খুলনায় শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার এবং শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী। নগরীর একটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহকারী পরিচালক আবু হানিফ। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর পরিচালক মো. আরিফুল ইসলাম। তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তব্যে তিনি তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
রামিসা হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী আসামির দ্রুত বিচার সম্পন্ন করে অতি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা।
দেশে এযাবৎ সংঘটিত সকল ধর্ষণ মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার, বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে শিশুদের সুরক্ষায় একটি স্বাধীন শিশু অধিকার সুরক্ষা কমিশন গঠন করা।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন নয়, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।