দৈনিক খুলনা
The news is by your side.

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব জরুরি — কেশবপুরে জেলা প্রশাসক আশেক হাসান

65

কেশবপুর (যশোর) প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রোববার (২জানুয়ারী)। নির্বাচনকালীন দায়িত্ব পালনে কর্মকর্তাদের দক্ষতা, নিরপেক্ষতা ও আইনগত জ্ঞান বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আশেক হাসান বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব ভোটগ্রহণ কর্মকর্তাদের ওপরই ন্যস্ত। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থায় সামান্য অবহেলা কিংবা ভুল পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও আইন মেনে কাজ করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা প্রতিটি কর্মকর্তার দায়িত্ব। নির্বাচনী বিধিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে দায়িত্ব পালন করলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সহজেই মোকাবিলা করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তারা তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে কেশবপুর উপজেলায় একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের সহযোগিতা করা এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করাই হবে কর্মকর্তাদের প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ব্যবস্থাপনা, আইন ও বিধিমালা, কেন্দ্র পরিচালনা, ভোটার সহায়তা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হারুনার রশীদ বুলবুল