দৈনিক খুলনা
The news is by your side.

হেমন্তের কুয়াশায় সোনালী স্বপ্ন কেশবপুরে সরিষা চাষে সম্ভাবনায় উৎসবে কৃষক

94

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের  কেশবপুর উপজেলার হেমন্তের সকাল। পাতলা কুয়াশার চাদর সরিয়ে নরম রোদ উঠতেই ফসলে দোলতে থাকা সরিষা ফুলে মৌমাছির গুঞ্জন। বাতাসে ভাসে সরিষা ফুলের মাদকতাময় সুবাস। চারদিকে চোখ যতদূর যায় শুধুই হলুদের সমারোহ। প্রকৃতির এমন নৈস্বর্গিক রূপে সোনালি স্বপ্ন বুনছেন এখানকার কৃষকরা।

এ বছর কেশবপুরের ১১টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সরিষা চাষের এক উৎসব নেমে এসেছে। আগাম জাতের বারি সরিষা চাষে যেমন ফলনের সম্ভাবনা উজ্জ্বল, তেমনি কৃষকের মুখেও ফুটে উঠেছে আশার হাসি।

সরকারি প্রণোদনায় আবাদ বেড়েছে ৫০৫ হেক্টর।  উপজেলা  কৃষি অফিস সূত্র জানায়, এ বছর সরকারি প্রণোদনা হিসেবে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত বছর কেশবপুরে সরিষা আবাদ হয়েছিল ১ হাজার ৫৭০ হেক্টর জমিতে। আর চলতি মৌসুমে আবাদ হয়েছে ২ হাজার ৭৫ হেক্টর জমিতে—যা গত বছরের চেয়ে ৫০৫ হেক্টর বেশি। লক্ষ্য ছিল ১ হাজার ৫৭০ হেক্টর, সেটি ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে চাষ করেছে কৃষকরা।

বারি-১৪, বারি-৯, বারি বীনা-৯, বারি-১৮, বারি-১৭ ও টরি-৭ জাতের উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। আগাম জাত হওয়ায় সরিষা কাটার পর একই জমিতে সহজেই বোরো ধানের আবাদ করা যায়। ফলে কৃষকরা একসঙ্গে দুই ফসলের লাভ তুলতে পারছেন।

৭০-৮০ দিনের মধ্যেই ঘরে তোলা যায় এই ফসল।মজিদপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল আলম বলেন, এই মৌসুমে নতুন করে টরি-৭, বারি-৯, বারি বীনা-৯, বারি-১৭ ও বারি-১৮ জাতের সরিষা চাষ শুরু হয়েছে। এসব জাত ৭০ থেকে ৮৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। তাই কৃষকরা বোরো আবাদ শুরুর আগেই সরিষা কাটতে পারেন, ফলে সরিষা চাষে তারা ঝুঁকছেন বেশি।

কৃষকের মুখে তৃপ্তির হাসি। পাঁজিয়া  গ্রামের নিয়ামুল ইসলাম, কামরুল ও বিধান দাসসহ সাতবাড়িয়া গ্রামের আব্দুর রহমান ও আজিজুর রহমান জানান, গত বছর বৃষ্টির পানি বেশি থাকলেও ফলন কম ছিল। এ বছর পানি কম হলেও ফলন ভালো। বিঘাপ্রতি ৭–৮ হাজার টাকা খরচ করে ৬–৭ মণ সরিষা পাবো বলে আশা করছি। বাজারদরও ভালো থাকবে।

আবহাওয়া অনুকূলে লক্ষ্য ছাগানোর আশাবাদী কৃষক অফিস।  উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ মামুন বলেন, এবার কেশবপুরে ২ হাজার ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠজুড়ে ভালো ফলনের আভাস মিলছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা খুব সহজেই সরিষা ঘরে তুলতে পারবেন।

প্রকৃতির রূপ, কৃষকের পরিশ্রম আর সরকারি সহায়তায় কেশবপুরে সরিষা চাষ যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। হেমন্তের কুয়াশা ভেদ করে সোনালি সরিষার হাসি কৃষিজীবী মানুষের ঘরে আনতে পারে সমৃদ্ধির বার্তা।