দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরার ভোমরা সীমান্তের নিরাপত্তা ও অবকাঠামো পরিদর্শনে জেলা প্রশাসক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রামে সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

শনিবার (২৮ নভেম্বর) পরিদর্শনকালে জেলা প্রশাসক সীমান্তবর্তী হাড়দ্দা ও আশপাশের এলাকার বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন। এ সময় সীমান্তের নিরাপত্তা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও অবকাঠামোগত দিকগুলো নিয়ে উপস্থিত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরিদর্শনকালে সীমান্তের সার্বিক পরিস্থিতি ও স্থানীয় ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক। সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনিক নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন। এ ছাড়া প্রশাসন ও বাহিনীর স্থানীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তাও পরিদর্শনে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বার্থ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।