দৈনিক খুলনা
The news is by your side.

শিক্ষার্থীদের মূল্যায়ন ও শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ শিক্ষার মানোন্নয়নে সহায়ক: উপাচার্য

27

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষার্থীদের মূল্যায়ন ও শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এনহ্যান্সিং টিচিং কোয়ালিটি থ্রু স্টুডেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড পিয়ার ক্লাস অবজারভেশন’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষাদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের মূল্যায়ন ও শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মতামতের মাধ্যমে পাঠদান পদ্ধতির কার্যকারিতা যাচাই এবং শিক্ষার সীমাবদ্ধতা চিহ্নিত করা সম্ভব। পাশাপাশি, সহকর্মী শিক্ষকদের পারস্পরিক শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় ও পাঠদান কৌশলের উন্নয়ন করা যায়।

তিনি শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষণপদ্ধতি অনুসরণ এবং এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।

সেমিনারে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি, সহকর্মীদের শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের কার্যকর কৌশল, পাঠদানের মান যাচাই এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।