দৈনিক খুলনা
The news is by your side.

শিক্ষাই বদলে দেয় জীবনের মানচিত্র”—কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে মুখরিত শিক্ষাঙ্গন

91

হারুনার রশীদ বুলবুল কেশবপুর :যশোরের কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।
এতে কেরাত, হামদ, নাত, বাংলা ও ইংরেজি রচনা, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত ও লোকসংগীত—এই ১১টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন,শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়, শিক্ষা মানুষকে মানুষ করে। একজন শিক্ষিত মানুষই পারে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে। তোমরা আজ যারা এই মঞ্চে দাঁড়িয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশ করছো, তারাই আগামীর নেতৃত্ব দেবে বাংলাদেশকে। তিনি আরও বলেন,বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। বইয়ের জ্ঞান আর বাস্তব জীবনের নৈতিক শিক্ষা—এই দুইয়ের সমন্বয় ঘটলেই সত্যিকারের আলোকিত মানুষ তৈরি হবে। কেশবপুরের শিক্ষার্থীদের মধ্যে যে আত্মবিশ্বাস ও প্রতিভা আমি দেখছি, তাতে আমি আশাবাদী—এই উপজেলা থেকেই উঠে আসবে আগামীর অনেক গুণীজন।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন,শিশুদের প্রতিভা বিকাশে পরিবার ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিলে শিক্ষার্থীরা আরও বেশি আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনর রশীদ ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহা: সাইদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু।সার্বিকভাবে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার যে বিকাশ ঘটেছে, তা কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনকে করেছে প্রাণবন্ত ও সার্থক।