দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমানকে গণসংবর্ধনা, চাঁদাবাজির বিরুদ্ধে কড়া বার্তা

10

বেনাপোল প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাওলানা আজীজুর রহমানকে স্বাগত জানিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে শার্শা উপজেলা জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলমত নির্বিশেষে শার্শা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা আজীজুর রহমান বলেন,“আমি শার্শা উপজেলার মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন,“নির্বাচন পরবর্তী সময়ে শার্শা উপজেলার কয়েকটি ইউনিয়নে আমার কর্মীদের ওপর হামলা করে আহত করা হয়েছে। আমি এসব ভুলে গিয়ে এখন থেকে আর কোনো সহিংস ঘটনা দেখতে চাই না।”

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,“শার্শা উপজেলার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করতে আসবেন না। যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে আমি প্রশাসনকে বলবো—তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রেজাউল করীম।

এছাড়া ও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, আবুল কালাম আজাদ, মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন আমীর আবু ইয়াহইয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম।