বেনাপোল প্রতিনিধিঃ
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ২১ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকার পূজামন্ডপ পরিদর্শন করা খুলনা সেক্টর কমান্ডার মোঃ মাসুদুর রহমান ও খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. নাফিজ ইমতিয়াজ আহসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খুলনা এবং অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র আওতাধীন সব সীমান্ত ও খুলনার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
এ সময় শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলে পরিদর্শনকারী দল পূজা উদযাপণ কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন।