দৈনিক খুলনা
The news is by your side.

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন আগামী বছর

33

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরীক্ষার অংশ হিসেবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে তা ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু করে কর্তৃপক্ষ।

রূপপুর কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের বিষয়ে মঙ্গলবার পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সামনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলাফল অত্যন্ত সন্তোষজনক। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ গতকাল ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

রূপপুর কর্তৃপক্ষ বলছে, রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মধ্য দিয়ে ঠিকাদারের কাছ থেকে পরমাণু শক্তি কমিশনের কাছে স্থানান্তর হবে রূপপুরের প্রথম ইউনিট। পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালনাকারী সংস্থা হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র বলছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনার কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি নজরদারি করবেন।