দৈনিক খুলনা
The news is by your side.

রমজানের পবিত্রতা উপেক্ষা করে নষ্ট গরুর মাংস বিক্রি

কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

7

কেশবপুর( যশোর) প্রতিনিধি:কেশবপুর উপজেলা শহরে মাহে রমজানে প্রকাশ্যে নষ্ট গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুর শহরের হাবিবগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন।

অভিযানকালে মাংস ব্যবসায়ী জাকির হোসেন-এর দোকান তল্লাশি করে বিপুল পরিমাণ নষ্ট গরুর মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত নষ্ট মাংস তাৎক্ষণিকভাবে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নষ্ট করে নদীতে ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন বলেন, রমজানের মতো পবিত্র মাসে মানুষের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাকে ছাড় দেওয়া হবে না। নষ্ট ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুজয় মল্লিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বাজার তদারকি জোরদারের দাবি জানান।