দৈনিক খুলনা
The news is by your side.

বিজ্ঞানচর্চায় নতুন প্রজন্মের স্বপ্নযাত্রা কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে : ইউএনও রেকসোনা খাতুন

94

কেশবপুর প্রতিনিধি:শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে কেশবপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এইচডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন খান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির মোঃ সাইদুর রহমান সাইদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান এবং পৌর আমির প্রভাষক মোঃ জাকির হোসেন।

অতিথিবৃন্দ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনা, গবেষণামূলক চিন্তা ও বাস্তবমুখী উদ্ভাবনী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান শিক্ষা। আমাদের শিক্ষার্থীরা আজ যে মেধা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে, তা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের পাঠের পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক। তাদের সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন খান বলেন, বিজ্ঞান শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধানী মনোভাব, যুক্তিবাদী চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা। আজকের এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখে আমি অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। তাদের মেধা ও সৃজনশীলতা সঠিকভাবে বিকশিত হলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় উৎসাহিত করতে হবে। তাহলেই আমরা একটি দক্ষ, আধুনিক ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে পারব।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। তাদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির সৃজনশীল ব্যবহারে মুগ্ধ হন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি কেশবপুরে বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।