দৈনিক খুলনা
The news is by your side.

বর্ণাঢ্য আয়োজনে কেশবপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য ও আনন্দে মুখর জনপদ

42

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কেশবপুর পাবলিক ময়দানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর এসো হে বৈশাখ, গানের সুরে নতুন বছরের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাবলিক ময়দানে এসে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

পরে সকাল ৯টা ৩০ মিনিটে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পাবলিক ময়দানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করে বাঙালির ঐতিহ্যবাহী গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন খান, মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসব আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। তিনি বলেন, নববর্ষ আমাদের নতুন করে শুরু করার প্রেরণা দেয়। পুরোনো গ্লানি ও ব্যর্থতা ভুলে আমরা যেন নতুন উদ্যমে দেশ ও সমাজ গঠনে এগিয়ে যেতে পারি এটাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, কেশবপুর উপজেলা প্রশাসন সবসময়ই চেষ্টা করে এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে। শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার মাধ্যমে আমরা তাদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগ্রত করতে চাই।

রেকসোনা খাতুন উপস্থিত সকলকে শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় ভরা একটি নতুন বছরের শুভেচ্ছা জানান এবং সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।

দিনব্যাপী এই আয়োজন কেশবপুরবাসীর মাঝে নতুন বছরের আনন্দ ছড়িয়ে দেয় এবং এক মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।