দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় যুবকের মরদেহ উদ্ধার

25

ফুলতলা :

খুলনার ফুলতলায় ইয়ানুর গাজী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ফুলতলা এম এম কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ তৌহিদ জানান, ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আল-আমিন স্যানিটারির সামনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই যুবকের পরিচয় শনাক্ত করে। তার নাম ইয়ানুর গাজী। জন্মতারিখ ৪ মে ২০০৪। তিনি অভয়নগর থানার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ফুলতলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ানুর কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি স্থানীয়ভাবে নারকেল ও সুপারি সংগ্রহ করে বিক্রি করে কিছু টাকা আয় করতেন এবং তা দিয়ে নিজের খরচ চালাতেন। অধিকাংশ রাতে পাশের সিদ্ধিপাশা গ্রামের নানাবাড়িতে থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ থেকে ১২ দিন ধরে ইয়ানুরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার সকালে ফুলতলা এম এম কলেজের সামনে তার মরদেহ পাওয়ার খবর পায় পরিবার।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।