দৈনিক খুলনা
The news is by your side.

প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রেসিডেন্টের

24

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রেসিডেন্ট এ আহ্বান জানান। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধা দিয়ে অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান ও ভূমিকা চিরদিন স্মরণ রাখবে।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি, ভোটাধিকারসহ ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুবিধা বৃদ্ধিতে প্রেসিডেন্টের সহযোগিতা কামনা করেন।

জবাবে প্রেসিডেন্ট বলেন, বিমানবন্দরে হয়রানি, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু করা হয়েছে।

প্রবাসীদের দেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট। বিশেষ করে দেশে বিনিয়োগের যে সুযোগ সৃষ্টি হয়েছে, প্রবাসীদের তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে প্রতিনিধিদলের সদস্যরা দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই আপনারা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। আপনারা দেশের ইতিবাচক ভাবমূর্তি বিদেশে তুলে ধরবেন।’

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট।