দৈনিক খুলনা
The news is by your side.

পৌরসভার অনিয়ম–দুর্নীতি ও কর বৈষম্যের অভিযোগ, মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার

কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সাথে অধ্যাপক মোক্তার আলীর মতবিনিময়

59

কেশবপুর (যশোর) প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলীর সাথে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত ৮টায় কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান।
মতবিনিময় সভায় কেশবপুর পৌরসভার বিভিন্ন সমস্যা ও অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান। তিনি বলেন, পৌরসভায় অপরিকল্পিতভাবে ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে। একই শ্রেণির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর নির্ধারণে চরম বৈষম্য রয়েছে। সাম্প্রতিক সময়ে পানির বিল অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছরে কেশবপুর পৌরসভায় ব্যাপক লুটপাট, অনিয়ম ও দুর্নীতি হয়েছে। পৌরবাসীর ন্যায্য সেবা থেকে বঞ্চিত হওয়া, উন্নয়ন কাজে স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার সংকটের বিষয়গুলোও তিনি সভায় তুলে ধরেন।

পৌর বাড়ি মালিকদের উত্থাপিত সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী। এ সময় তিনি বলেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তাহলে কেশবপুরকে একটি মডেল কেশবপুর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। কেশবপুর পৌরসভার সকল বাড়ি মালিকসহ পৌরবাসীর ন্যায্য ও যৌক্তিক সব সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে কাজ করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা জরুরি।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার তিন সদস্য, খুলনা মহানগরের সাবেক ছাত্রশিবির সভাপতি ও ঢাকা কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাঈদুর রহমান। তিনি বলেন, পৌরসভার কর কাঠামো পুনর্বিন্যাস করে সাধারণ জনগণের ওপর অযৌক্তিক চাপ কমানো এখন সময়ের দাবি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক তৈবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন এবং পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান।

আলোচনা সভার শেষ পর্যায়ে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান সমিতির বিভিন্ন কার্যক্রম ও সংগঠনের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে লিখিত তথ্য প্রধান অতিথির হাতে তুলে দেন।
সভায় বক্তারা কেশবপুর পৌরসভার ট্যাক্স নির্ধারণে বৈষম্য দূর করা, পানির বিল পুনর্বিবেচনা, পৌরসভার উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।