খুলনার পাইকগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবায়দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের কৃষক রফিকুল সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে পানির মোটরের বৈদ্যুতিক সুইচ চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় ওবায়দুল্লাহ। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।