পাইকগাছা :
খুলনার পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপ ও দলীয় সিদ্ধান্তের পর ইজিবাইক চালকেরা তাদের আন্দোলন স্থগিত করলে সড়কে যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড়সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। এ সময় স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার রুবেল তাঁকে যাত্রী নামিয়ে তাঁর সঙ্গে দেখা করতে বলেন।
চালক ইজিবাইক রেখে স্টার্টারের কাছে গেলে যাত্রীরা ক্ষুব্ধ হন। যাত্রীদের না নামিয়ে স্টার্টারের কাছে যাওয়াকে কেন্দ্র করে চালকের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীদের একজন তাঁর ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদারকে ডেকে আনেন।
ইজিবাইক চালকদের অভিযোগ, রুবেল সরদার দলবল নিয়ে স্ট্যান্ডে এসে চালক, স্ট্যান্ডের স্টার্টারসহ কয়েকজনকে মারধর করেন। তবে এ অভিযোগের বিষয়ে রুবেল সরদারের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রতিবাদ ও রুবেল সরদারের শাস্তির দাবিতে রোববার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকেরা প্রতিবাদ মিছিল করেন এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মো. আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
চিঠিতে বলা হয়, রুবেল সরদার বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি।
বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা পর্যবেক্ষণ করেন।
দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার পর ইজিবাইক শ্রমিকেরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের ধন্যবাদ জানান। পরে তাঁরা বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিকভাবে ইজিবাইক চলাচল শুরু করেন। এতে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।