দৈনিক খুলনা
The news is by your side.

নতুন কুঁড়ি স্পোর্টস্ খুলনার মাটি থেকে সারাদেশে একযোগে উদ্বোধন হওয়াটা খুলনাবাসীর জন্য গর্বের

3

আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফর সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। তিনি বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আগমন করবেন। খুলনাবাসীর জন্য এটি একটি অত্যন্ত গৌরবময় ও ঐতিহাসিক দিন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস্ ২০২৬-২০২৭ (সিজন-২)’ খুলনার মাটি থেকে সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে উদ্বোধন হওয়াটা খুলনাবাসীর জন্য গর্বের। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সমগ্র খুলনা অঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁর এই সফরকে সফল ও সার্থক করে তুলতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও ঐতিহাসিক সফর সর্বাঙ্গীন সফল করার লক্ষ্যে রোববার (০১ নভেম্বর) বেলা ১২টায় জিরোপয়েন্ট এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জিরোপয়েন্টসহ পুরো খুলনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুসজ্জিত এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান তারই একটি প্রতীকী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি খুলনা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং খুলনার সর্বস্তরের জনসাধারণকে দলমত নির্বিশেষে এই প্রস্তুতিমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু জিরোপয়েন্ট ও এর আশেপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন ও আশরাফুল ইসলাম নূর, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, রুহুল, মোমিন, লিটন, আসাবুর রহমান, বাবু ব্রজেন ঢালী, জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মো. জাবির আলী, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ, জিএম রাসেল ইসলাম, যুবদল নেতা আবুবকর সিদ্দিক নিরু, রেহেনা আফরোজ সুইটি, কানিজ ফাতেমা নুপুর, এমরান পলাশ, জসীম কবির মালঙ্গীসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।।