কয়রা :
‘নতুন কুঁড়ি ২০২৬’-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার মুখ উজ্জ্বল করা খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও নতুন জার্সি উপহার দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে খেলাধুলায় আরও সাফল্য অর্জনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে এ সংবর্ধনা ও জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৫ নম্বর কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. নুরুল আমিন বাবুলের পক্ষ থেকে জেলা চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও নতুন জার্সি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কয়রার কৃতী সন্তান মো. আরাফাত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কয়রার কৃতী ফুটবলার, পরিচালক ও নতুন কুঁড়ি দলের কোচ এসএম শফিকুল ইসলাম এবং কৃতী ফুটবলার দিদার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মেধা ও মননের বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে।
বক্তারা আরও বলেন, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কয়রার খেলোয়াড়রা উপজেলার সম্মান ও সুনাম বৃদ্ধি করেছে। তাদের এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় খেলোয়াড়দের উৎসাহিত করতে ভবিষ্যতেও ক্রীড়া সামগ্রী বিতরণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবর্ধনা ও নতুন জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা। তারা বলেন, এ সম্মাননা তাদের আগামী দিনের প্রতিযোগিতায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।