সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মধ্যে ২টিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে দুই আসনের মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ২ জনের এবং ১ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ৬টি রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্রসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
অন্যদিকে, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১% ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় তার আবেদনটি নাকচ হয়।
এছাড়া, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়নপত্রটি সাময়িক স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা সাজাপ্রাপ্ত মামলার রায়ের কপি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে।
সাতক্ষীরা-২: সাতক্ষীরা-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নের দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় তা বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বাকি দুটি আসনের (সাতক্ষীরা-৩ ও ৪) মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। দিনের শেষভাগে ওই আসনগুলোর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।