দৈনিক খুলনা
The news is by your side.

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় ২ নম্বর ওয়ার্ড যুবদলের মশক নিধন কর্মসূচি

45

খুলনা :

খুলনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা যুবদলের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়ন যুবদলের উদ্যোগে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ সুমন বলেন, “দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলায় কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রুবেলসহ নেতৃবৃন্দ বলেন, খুলনায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তারা ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও আমিন আহমেদ মিঠু।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ ও সদস্য সচিব মামুনুর রশিদ মুন্না এবং যোগীপোল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম ও সদস্য সচিব রাকিব রায়হান।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এ মশক নিধন কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে।