দৈনিক খুলনা
The news is by your side.

ডিসি-ইউএনও’র অপসারণ দাবি: কলারোয়ায় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

44
সাতক্ষীরা প্রতিনিধি: সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ভোট গ্রহনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ভোট কারচুপির অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক এবং তালা ও কলারোয়ার উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ওই বিক্ষোভ সমাবেশ উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া ও সাবেক সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন।

তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিপরিষদ সচিব সাতক্ষীরার অধিবাসি শেখ আব্দুর রশিদের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সাতক্ষীরায় তালা-কলারোয়া আসনে একটি দলের পারপাস সার্ভ করে জেলা প্রশাসক ও তালা-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসের সহযোগিতায় ভোট গ্রহনে ব্যাপক অনিয়ম, দুনীর্তি, স্বজনপ্রীতি ও ভোট কারচুপি করে বিএনপি মনোনীতি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করানো হয়েছে।

অনতিবিলম্বে জেলা প্রশাসক ও তালা-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের দাবি জানান তারা। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলেও বক্তরা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, মাহফুজার রহমান, আমানুর রহমান, নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এদিকে, এর একদিন আগে রবিবার বিকেলে একই দাবিতে সংবাদ সম্মেলন করে দলটি।