দৈনিক খুলনা
The news is by your side.

ছুটির দিনে বেশি ঘুম কতটা উপাকারী?

6

এতদিন বিশেষজ্ঞরা বলে আসছিলেন, সপ্তাহজুড়ে ঘুমের ঘাটতি পুষিয়ে নিতে ছুটির দিনে বেশি ঘুমানো শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা দেহঘড়ির ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে এবং এতে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে, নতুন এক গবেষণা বলছে, অতিরিক্ত না হলে সপ্তাহান্তে কিছুটা বেশি ঘুম বরং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে। গবেষণায় প্রায় এক ঘণ্টা ২৭ মিনিট বাড়তি ঘুমকে সবচেয়ে উপকারী মাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বছরের পর বছর বিশেষজ্ঞরা নিয়মিত সময়ে ঘুমানো ও জাগার ওপর গুরুত্ব দিয়ে আসছেন। নতুন এই গবেষণাতেও নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখার গুরুত্ব অস্বীকার করা হয়নি। তবে এতে দেখা গেছে, দীর্ঘ কর্মসপ্তাহের পর সপ্তাহান্তে এক থেকে দুই ঘণ্টা বাড়তি ঘুমের সঙ্গে উচ্চ রক্তচাপের হার কম থাকার সম্পর্ক রয়েছে।

বিশ্বজুড়ে ১৩০ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক, কিডনি রোগ এবং অকালমৃত্যুর ঝুঁকি অনেক বেশি।

উচ্চ রক্তচাপ এড়াতে নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার মতো বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে, নতুন গবেষণার ফল বলছে, সপ্তাহান্তে একটু দেরি করে ঘুম থেকে উঠলে এ নিয়ে আর অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই।

গবেষণাটি জার্মানির মিউনিখে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় হৃদ্‌রোগ বিষয়ক সম্মেলনগুলোর একটি।

গবেষণার প্রধান লেখক ও দক্ষিণ কোরিয়ার সিউলের কোরিয়া ইউনিভার্সিটির চিকিৎসক ডা. নাওন লি বলেন, “পর্যাপ্ত ঘুম না হলে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। এতে হৃদ্‌যন্ত্র ও রক্তনালিকে বেশি পরিশ্রম করতে হয় এবং রক্তচাপ বেড়ে যেতে পারে। সপ্তাহান্তে কিছুটা বাড়তি ঘুম শরীরকে পুনরুদ্ধারের সুযোগ দিতে পারে এবং এই চাপ কিছুটা কমাতে পারে।”

তাই ছুটির দিনে একটু বেশি ঘুমালে মানুষকে নিজেকে অলস বা অপরাধী মনে করার প্রয়োজন নেই। সপ্তাহের কর্মদিবসে পর্যাপ্ত ঘুমাতে না পারলে সপ্তাহান্তের বাড়তি ঘুম হতে পারে সেই ঘাটতি থেকে শরীরের স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি উপায়।

গবেষণায় দক্ষিণ কোরিয়ার ৪০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য সাত বছর ধরে বিশ্লেষণ করা হয়। এখানে সপ্তাহান্তে বাড়তি ঘুম বলতে কর্মদিবস ও ছুটির দিনের ঘুমের সময়ের পার্থক্যকে বোঝানো হয়েছে।

গবেষণায় দেখা গেছে, সপ্তাহান্তে কিছুটা বাড়তি ঘুম উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৬ শতাংশ কমার সঙ্গে সম্পর্কিত। যারা শারীরিকভাবে কম সক্রিয়, তাদের ক্ষেত্রে এই সুবিধা সামান্য বেশি দেখা গেছে। সপ্তাহান্তে বাড়তি ঘুম নেওয়া এসব মানুষের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬ দশমিক ৯ শতাংশ কম ছিল।

ডা. লির বিশ্লেষণে প্রায় এক ঘণ্টা ২৭ মিনিটকে বাড়তি ঘুমের সবচেয়ে উপকারী মাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিমাণ বাড়তি ঘুম নেওয়া ব্যক্তিদের উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় ৯ শতাংশ কম ছিল।

পর্যাপ্ত ঘুম না হলে রাতে রক্তচাপ স্বাভাবিকভাবে কমতে পারে না। এতে পরবর্তী সময়ে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। তবে, এর মানে এই নয় যে ছুটির দিনে যত বেশি ঘুমানো যায়, ততই ভালো। গবেষকরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত বাড়তি ঘুম ক্ষতিকরও হতে পারে। উদাহরণ হিসেবে দেখা গেছে, যারা সপ্তাহান্তে চার ঘণ্টার বেশি বাড়তি ঘুমিয়েছেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি ছিল।

ডা. লি মতে, “আমি মনে করি, সপ্তাহান্তে পরিমিত বাড়তি ঘুম কিছুটা সুরক্ষামূলক প্রভাব ফেলতে পারে। কারণ সপ্তাহের কর্মদিবসে যারা ঘুমের ঘাটতিতে থাকেন, তাদের ক্ষেত্রে অপর্যাপ্ত ঘুম পূরণের সুবিধা অনিয়মিত ঘুমের সময়সূচির সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি হতে পারে। তবে সপ্তাহান্তে বাড়তি ঘুমের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে ঘুমের অনিয়ম এবং দেহঘড়ির ছন্দে ব্যাঘাত আরো বাড়তে পারে। এতে বাড়তি ঘুমের উপকারও নষ্ট হয়ে যেতে পারে।”

তিনি আরো বলেন, “নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখা এখনো গুরুত্বপূর্ণ। তবে, পরিমিত বাড়তি ঘুম এমন কিছু নয়, যা নিয়ে খারাপ লাগতে হবে; বরং এটি উপকারী হতে পারে।”

গবেষণায় যুক্ত না থাকা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরামর্শক হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল পরিচালক ডা. সোনিয়া বাবু-নারায়ণ বলেন, “কাজ, পরিবার ও সামাজিক নানা ব্যস্ততার কারণে সপ্তাহের কর্মদিবসে আমাদের অনেকেরই পর্যাপ্ত ঘুম হয় না। তাই ঘুমের ঘাটতি পূরণের চেষ্টা হিসেবে সপ্তাহান্তে একটু বেশি ঘুমাতে ভালো লাগাটা স্বাভাবিক।”

তবে, এই গবেষণাকে শারীরিক পরিশ্রমকে গুরুত্ব না দেওয়ার ছাড়পত্র হিসেবে দেখা যাবে না। আপাতত শুধু এতটুকু বলা যায়, ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠলে এ নিয়ে হয়তো আমাদের আর অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই।

সূত্র: রাইজিং বিডি