দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ফের বাস কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম

37

খুলনায় যাত্রীবাহী বাস টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার থেকে আবারও ‘টুঙ্গিপাড়া’ শব্দটি মুছে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বর কাউন্টারে গিয়ে সাইনবোর্ড থেকে শব্দটি মুছে দেওয়া হয়। এ সময় কোথাও কালি দিয়ে লেখা মুছে ফেলা হয়, কোথাও ব্যানার ও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়িগেট এলাকার কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে কাউন্টারে প্রবেশ করেন। পরে সাইনবোর্ডে টুঙ্গিপাড়া লেখা অংশটুকু কালি দিয়ে মুছে দেন তাঁরা। রয়েল মোড়ের কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। তাঁদের মধ্যে মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।

এ বিষয়ে পরিবহন কাউন্টারের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

খুলনার সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।