দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় থানার পাশে জুট মিল শ্রমিককে গুলি করে হত্যা

28

খুলনায় থানার অদূরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট মিল শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কুলিবাগান মোড়ে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় পুলিশের একটি টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।