দৈনিক খুলনা
The news is by your side.

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কেশবপুরে প্রণোদনা কর্মসূচি

বিনামূল্যে বীজ-সার পেয়ে স্বস্তিতে কেশবপুরের কৃষকরা

4

কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুর (যশোর): ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি প্রসারণ অধিদপ্তর, কেশবপুর, যশোর। কর্মসূচির আওতায় মোট ১,৩৯০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে পাট বীজ পেয়েছেন ৬০০ জন, মুগ বীজ ৩০ জন, তিল বীজ ৬০ জন এবং উফশী আউশ ধানের বীজ পেয়েছেন ৭০০ জন কৃষক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমির প্রভাষক মো. জাকির হোসেন এবং এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন।

এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সহজেই খরিপ মৌসুমে আবাদ সম্প্রসারণে উৎসাহিত হবেন এবং ফসলের উৎপাদনও বাড়বে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সরকারি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তোলে, যা দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।