দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন

50

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গভীর শোক ও শ্রদ্ধার আবহে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে (যুদ্ধভাসান পাদদেশ) আয়োজিত এ অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো পর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন,১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক নির্মম কলঙ্কিত অধ্যায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। এটি ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার এক ভয়াবহ ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনো বৃথা যায়নি। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ । তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে চলবে না তাঁদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ আমাদের ব্যক্তিজীবন ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে।

কেশবপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ইতিহাসকে বারবার বিকৃত করার অপচেষ্টা চালিয়েছে। সঠিক ইতিহাস চর্চা ও প্রচারের মাধ্যমেই সেই অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেশবপুর পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন , উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা । বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছাড়া স্বাধীন বাংলাদেশের বিজয় পূর্ণতা পেত না।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয় ।

শোক, শ্রদ্ধা ও প্রতিজ্ঞার মধ্য দিয়ে কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালনের এই আয়োজন নতুন প্রজন্মের কাছে ইতিহাসের নির্মম সত্য তুলে ধরার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে।