পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টায় পৌর বাড়ি মালিক সমিতির হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
সভাপতির বক্তব্যে মোঃ আশরাফুজ্জামান বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই রমজানের মূল শিক্ষা। আমরা যেন এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেটিই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, এ ধরনের ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছামাদ বিশ্বাস, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আমির প্রভাষক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে কেশবপুর পৌর এলাকার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।