দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর পাবলিক ময়দানের ধানের শীষের নির্বাচনী জনসভা জনসমুদ্র

54

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার (৯ ফেব্রুয়ারি) কেশবপুর পাবলিক ময়দানে এক ঐতিহাসিক  বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভাকে ঘিরে কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠে মানুষের ঢল নামে। সমাবেশে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ।  জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র আজ বিপন্ন। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কেশবপুরের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা ধানের শীষের বিজয় তারেক রহমানকে উপহার দিতে চাই।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমি নির্বাচিত হলে কেশবপুরকে একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সর্বাত্মক চেষ্টা করব। জনগণের পাশে থেকেই রাজনীতি করতে চাই।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। তিনি বলেন, আজ দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হচ্ছে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রাম। কেশবপুরের মানুষ আজ যেভাবে মাঠে নেমে এসেছে, তাতে প্রমাণ হয় এই জনপদ পরিবর্তনের জন্য প্রস্তুত।

আরেক বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও মুক্তির প্রতীক। যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদ একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তার নেতৃত্বেই কেশবপুরে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান,  উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান,  সহ দলীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, কেশবপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ।
জনসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।