দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ১০২ পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদের আর্থিক সহায়তা

26

কেশবপুর :

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার ১০২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।

শুক্রবার (৯ অক্টোবর) দিনব্যাপী কেশবপুর পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন। দুর্গাপূজার প্রস্তুতি নির্বিঘ্ন করতে এবং আয়োজকদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পূজামণ্ডপে সরাসরি উপস্থিত হয়ে অনুদান দেওয়ার পাশাপাশি পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন আবুল হোসেন আজাদ। এ সময় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলহাজ আবুল হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সবাই যেন শান্তিপূর্ণ, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই, কেশবপুরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে উৎসব উদযাপন করবেন। পূজার আয়োজনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হোক, সেটিই আমাদের প্রত্যাশা।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানো ইতিবাচক উদ্যোগ। আবুল হোসেন আজাদের এ সহায়তা পূজার আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করবে। কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক এবং সব ধর্মের মানুষ নিরাপদে ও স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন—এটাই তাঁদের প্রত্যাশা।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কেশবপুরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে উৎসব উদযাপন করবেন বলে তাঁরা আশাবাদী।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম শফি, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাহমুদুল হাসান, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহিউদ্দিন এবং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা এবং দুর্গাপূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।