কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় আয়োজিত এ সভায় উপজেলা সিএসও (মানবাধিকার সুরক্ষা দল) সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসও কমিটির সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিইবের এলাকা সমন্বয়ক খালিদ হাসান।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সিএসও প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে বিদ্যমান নানা সামাজিক সমস্যা ও মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যার সমাধানে পরবর্তীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংলাপের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের একটি রূপরেখা প্রণয়ন করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন,সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা দলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রিইবের এলাকা সমন্বয়ক খালিদ হাসান বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা ও তাদের সক্ষমতা বৃদ্ধি করতে এই ধরনের সভা ও কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় সমস্যা চিহ্নিত করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেক ভুক্তভোগী বিচারহীনতার শিকার হচ্ছেন। এসব সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিএসও কমিটির সহ-সভাপতি মোঃ আকমল আলী, প্রদীপ কুমার মোদক মানিক, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, আবু সালেহ মাসউদ হাসান, আব্দুর রহমান রকি, সুফিয়া পারভীন, সুজন দাস, ঋতুপর্ণা দাস, আশালতা দাস, মিলন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।