দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে যশোরের কেশবপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে কেশবপুর পৌর শহরের রাজপথ।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ,

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস। এছাড়া কেশবপুর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আবুল হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, এ দেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের কোনো স্থান নেই। যারা সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সকল নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন আবারও দেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, কেশবপুরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কেশবপুর পৌর শহরে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।