দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ধানের শীষের পক্ষে জনসভা: উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবুল হোসেন আজাদের

28

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পাজিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পাজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ।

বক্তব্যে আবুল হোসেন আজাদ বলেন,দেশ আজ এক কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র আজ বিপন্ন। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেশবপুরের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে কেশবপুরকে একটি উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সর্বাত্মক চেষ্টা করবো। জনগণের পাশে থেকেই রাজনীতি করতে চাই।

জনসভায় আরও বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, কেশবপুরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে আবুল হোসেন আজাদ বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।