দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি

46

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম এবং কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মিজানুর রহমান।

২২ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য দলীয় সদস্য ফরম পূরণ করেন মাওলানা আবুল কাশেম। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক মোক্তার আলী।

জানা গেছে, মাওলানা আবুল কাশেম দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কেশবপুর পৌরসভার বায়সা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে উপজেলার ফতেহপুর দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

 

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মাওলানা আবুল কাশেম বলেন, ইসলামী আন্দোলনের অভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রম ও কিছু নেতাকর্মীর আচরণে তিনি গভীরভাবে হতাশ হয়েছেন। তিনি অভিযোগ করেন, সংগঠনের কয়েকজন নেতা ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে অবমাননাকর ও অশালীন বক্তব্য প্রদান করছেন, যা একজন দ্বীনদার মানুষ হিসেবে তাকে মারাত্মকভাবে কষ্ট দিয়েছে।

তিনি আরও বলেন, এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও আদর্শগত বিচ্যুতির কারণেই তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ইসলামী আদর্শের সঠিক বাস্তবায়ন, দ্বীন ও দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এদিকে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মিজানুর রহমানও একই দিনে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই যোগদানকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।