দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবসে কল্যাণের অঙ্গীকার

69

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা এবং প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু।

কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বেসরকারি সংস্থা ‘সমাধান’-এর প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলী, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিনিধি আব্দুল রহিম এবং উন্নয়ন সংস্থার পরিচালক আঃ রহিম।

সভাপতির বক্তব্যে মোঃ রোকনুজ্জামান বলেন,সমাজসেবা অধিদপ্তর এখন শুধু ভাতা বিতরণে সীমাবদ্ধ নয়। ডিজিটাল নিবন্ধন, মোবাইল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যেন ঘরে বসেই সেবা পায়—সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, সরকারি সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূল স্রোতে যুক্ত করা হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যক্রম আলোচনা সভায় জানানো হয়, কেশবপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা,প্রতিবন্ধী ভাতা,অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি,শিশু ও এতিম সহায়তা, ক্ষুদ্রঋণ ও আত্মকর্মসংস্থান প্রকল্প, প্রশিক্ষণভিত্তিক দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

এছাড়া অনলাইনে আবেদন ও তথ্য হালনাগাদের ফলে সেবা গ্রহণে হয়রানি কমেছে এবং স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে বলে বক্তারা মত দেন। সমন্বিত উদ্যোগে মানবিক সমাজ অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা, গণমাধ্যম ও স্থানীয় সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।